নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে নওগাঁয় এক নারীর মৃত্যু হয়েছে। চলতি বছরে দেশে নিপাহ ভাইরাসে এটি প্রথম মৃত্যু। ওই নারী ২৮ জানুয়ারি মারা গেলেও আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
নওগাঁর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মৃত নারী ৪০ থেকে ৫০ বছর বয়সী। ২১ জানুয়ারি থেকে তাঁর শরীরে তীব্র জ্বর, মাথাব্যথা ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। অবস্থার অবনতি হলে ২৭ জানুয়ারি তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং একই দিন উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় তাঁর গলা থেকে শ্লেষ্মা ও রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়। পরীক্ষার ফলাফলে নিপাহ ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়। পরদিন ২৮ জানুয়ারি তিনি মারা যান।
নওগাঁর সিভিল সার্জন আমিনুল ইসলাম জানান, “আজ আইইডিসিআর থেকে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়েছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে লিখিতভাবে এখনো জানানো হয়নি। লিখিত নির্দেশনা পেলে বিস্তারিত জানানো হবে।” তিনি আরও বলেন, পারিবারিক সূত্রে জানা গেছে, ওই নারীর সাম্প্রতিক কোনো ভ্রমণের ইতিহাস ছিল না। তবে অসুস্থ হওয়ার কিছুদিন আগে তিনি কাঁচা খেজুরের রস পান করেছিলেন।
সিভিল সার্জন জানান, নিপাহ ভাইরাসের প্রধান বাহক হলো ‘টেরোপাস’ প্রজাতির ফলাহারি বাদুড়। শীতকালে খেজুরের রস সংগ্রহের হাঁড়িতে বাদুড়ের লালা বা মলমূত্রের মাধ্যমে ভাইরাস মিশে যেতে পারে। সেই কাঁচা রস পান করলে মানুষের নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়।
বিষয় : নিপাহ ভাইরাস

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন