ঢাকা    রোববার, ১৯ এপ্রিল ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

দূর্ঘটনা

উত্তরা সেক্টর ১১-এ ভয়াবহ অগ্নিকাণ্ড: নারী ও শিশুসহ নিহত ৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে। আগুনে দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া আরও ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডে অবস্থিত একটি আবাসিক ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় শুক্রবার (সকাল) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শুরুতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরবর্তীতে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়ায়। নিহতদের মধ্যে দুইজন নারী, একজন পুরুষ ও একটি শিশু রয়েছে। বাকি নিহতদের নাম ও পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পাওয়ার মাত্র চার মিনিটের মধ্যেই, অর্থাৎ সকাল ৭টা ৫৪ মিনিটে ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় এবং সকাল ৭টা ৫৮ মিনিটে আগুন লাগা ভবনে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে।ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করে। সকাল ৮টা ২৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও সম্পূর্ণভাবে আগুন নির্বাপণ করতে সময় লাগে সকাল ১০টা পর্যন্ত।তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সময় ভবনের ভেতরে আটকে পড়া ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। তাদের মধ্যে কয়েকজন দগ্ধ ও ধোঁয়াজনিত শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন। উদ্ধারকৃত সবাইকে তাৎক্ষণিকভাবে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিক তদন্ত শেষে অগ্নিকাণ্ডের উৎস এবং মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কার্যক্রমে ফায়ার সার্ভিসের তৎপরতার প্রশংসা করলেও ভবনগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন।

উত্তরা সেক্টর ১১-এ ভয়াবহ অগ্নিকাণ্ড: নারী ও শিশুসহ নিহত ৬