ঢাকা    রোববার, ১৯ এপ্রিল ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশ, জায়গা পেল স্কটল্যান্ড

দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলো—আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আপসহীন অবস্থান ধরে রাখায় শেষ পর্যন্ত বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টুর্নামেন্টে খেলবে স্কটিশরা।ক্রিকেটভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ক্রিকবাজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে অংশগ্রহণের সম্মতি না পাওয়ায় আইসিসি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে জানা গেছে।ভারতের মাটিতে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুরু থেকেই বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে কঠোর অবস্থান নেয়। শত চাপের মুখেও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড তাদের সিদ্ধান্তে অনড় থাকে। আইসিসির দেওয়া আল্টিমেটামও প্রত্যাখ্যান করে বিসিবি। শেষ পর্যন্ত বাংলাদেশকে রাজি করাতে ব্যর্থ হয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে সংস্থাটি।এই পরিবর্তনের ফলে বিশ্বকাপের প্রাথমিক পর্বে গ্রুপ ‘সি’-তে জায়গা পাচ্ছে স্কটল্যান্ড। সূচি অনুযায়ী, তারা ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালির সঙ্গে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে তাদের প্রতিপক্ষ নেপাল।এর আগে, গত ৪ জানুয়ারি বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানায় যে, নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না। বিকল্প হিসেবে সহ-আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশের সব ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয় বিসিবি। শুরুতে এমন ইঙ্গিত মিললেও শেষ পর্যন্ত আইসিসি সেই প্রস্তাবে সাড়া দেয়নি।বিশ্বকাপের ‘সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে থাকা ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কায় ভ্রমণে অপারগতা প্রকাশ করে। বিকল্প হিসেবে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদল-বদলের বিষয়েও আলোচনা হয়। তবে ক্রিকেট আয়ারল্যান্ড আইসিসির সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। ফলে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজনের পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়।এদিকে অভিযোগ উঠেছে, আয়ারল্যান্ডকে গ্রুপ পরিবর্তনে রাজি না করাতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) লোভনীয় আর্থিক প্রস্তাব এবং দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের আশ্বাস দেয়। এর মাধ্যমে আয়ারল্যান্ডকে নিজেদের অবস্থানে অনড় থাকতে প্রভাবিত করা হয় বলে বিভিন্ন সূত্র দাবি করছে।নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়ে সরকারের কাছ থেকেও সবুজ সংকেত পায়নি বিসিবি। যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল একাধিকবার স্পষ্ট করে জানান, ভারতের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দলকে সেখানে পাঠানো হবে না। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও ১০ জানুয়ারি সিলেটে সংবাদমাধ্যমকে জানান, কলকাতার বদলে ভারতের অন্য কোনো ভেন্যুতে ম্যাচ হলেও বাংলাদেশ যাবে না। কেবল শ্রীলঙ্কায় সব ম্যাচ আয়োজন করা হলে তবেই বিশ্বকাপে অংশ নিত বাংলাদেশ।আইসিসির বোর্ড সভার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানায়। তারা বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা বিবেচনায় নিয়ে ম্যাচগুলো শ্রীলঙ্কা বা পাকিস্তানে আয়োজনের আহ্বান জানালেও আইসিসি সে প্রস্তাবে সাড়া দেয়নি। সব মিলিয়ে, নিরাপত্তা প্রশ্নে আপসহীন অবস্থান ধরে রেখে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল বাংলাদেশ—যা আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতিতে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশ, জায়গা পেল স্কটল্যান্ড