ঢাকা    রোববার, ১৯ এপ্রিল ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফল প্রকাশ স্থগিত: চট্টগ্রাম-২ ও ৪ আসনে বিএনপি প্রার্থীরা নির্বাচনে থাকতে পারবেন

আইনি লড়াই শেষে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনে বিএনপির দুই প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণের পথ খুলে দিলেও ফলাফল প্রকাশের বিষয়ে শর্ত আরোপ করেছেন সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আদেশ দিয়েছেন, চলমান আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই দুই আসনের নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত থাকবে।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ পৃথক আদেশে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীর এবং চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেন।আদালত উভয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে করা ‘লিভ টু আপিল’ শুনানির জন্য গ্রহণ করে এই অন্তর্বর্তীকালীন নির্দেশনা দেন।চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশন (ইসি) বৈধ ঘোষণা করলেও তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ তুলে একটি ব্যাংক সুপ্রিম কোর্টে লিভ টু আপিল দায়ের করে। মঙ্গলবার সেই আপিল শুনানির জন্য গ্রহণ করে আপিল বিভাগ জানান, আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন, তবে আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের ফল প্রকাশ করা যাবে না।আদালতে আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তাদের সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান ও ব্যারিস্টার কাজী আক্তার হোসেন। অপরপক্ষে ব্যাংকের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী।এর আগে গত ১ ফেব্রুয়ারি ব্যাংকের করা আপিল আবেদনের শুনানি শুরু হয়।একই ধরনের আদেশ দেওয়া হয় চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের প্রার্থী সরোয়ার আলমগীরের ক্ষেত্রেও। তার মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে করা লিভ টু আপিল শুনানির জন্য গ্রহণ করে আদালত জানান, তিনিও নির্বাচনে অংশ নিতে পারবেন। তবে আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের নির্বাচনী ফলাফল প্রকাশ স্থগিত থাকবে। উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি হাইকোর্ট এক রায়ে সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। সেই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হলে মঙ্গলবার তা শুনানির জন্য গৃহীত হয়।

আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফল প্রকাশ স্থগিত: চট্টগ্রাম-২ ও ৪ আসনে বিএনপি প্রার্থীরা নির্বাচনে থাকতে পারবেন