চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর এলাকায় প্রেমের সম্পর্কের জেরে একটি ছেলে সন্তানের জন্মকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সন্তানের পিতৃপরিচয় দাবি করায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, এনায়েতপুর আখন বাড়ির অটোরিকশা চালক বিল্লাল হোসেনের নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ের সঙ্গে একই এলাকার আমির হোসেনের ছেলে জুয়েলের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ রয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জুয়েল ওই কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ায়।গত ২১ জানুয়ারি বুধবার দুপুরে ওই কিশোরী নিজ বসতঘরেই একটি ছেলে সন্তানের জন্ম দেয়। সন্তান জন্মের পর থেকেই মা শিশুটির পিতৃপরিচয় হিসেবে জুয়েলের নাম দাবি করলেও জুয়েল তা অস্বীকার করে আসছিল। এমনকি বিষয়টি নিয়ে ডিএনএ পরীক্ষা করে আইনি ব্যবস্থা নেওয়ার চ্যালেঞ্জও ছুড়ে দেয় অভিযুক্ত যুবক।এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে। অভিযোগের ভিত্তিতে আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে হাজীগঞ্জ থানা পুলিশ অভিযুক্ত জুয়েলকে গ্রেপ্তার করে।হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জাব্বার জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।