সাবেক পরিচয় মুখ্য নয়, সবাই এনসিপিতে আসতে পারবেন: নাহিদ ইসলাম
ছাত্রশিবির কিংবা ছাত্রলীগ সাবেক কোনো পরিচয় আমাদের কাছে মুখ্য নয়, ছাত্রলীগ নেতারাও আমাদের এনসিপিতে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।রোববার (১৯ এপ্রিল) এনসিপির অস্থায়ী কার্যালয়ে বিভিন্ন সংগঠনের ৩০ নেতাকর্মী এনসিপিতে যোগদান অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।নাহিদ বলেন, এনসিপি গঠিত হওয়ার সময় খুব পরিষ্কারভাবেই বলেছিলাম, এনসিপিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে সাবেক পরিচয় মুখ্য নয়। ছাত্রদল হোক, ছাত্রশিবির হোক, ছাত্রঅধিকার পরিষদ, এমনকি ছাত্রলীগ হোক— কারো সাবেক পরিচয় আমাদের কাছে মুখ্য নয়। আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে, সে এনসিপির সংগঠন ও এনসিপি নেতাকর্মী হিসেবেই কাজ করবে।তিনি বলেন, এনসিপির আদর্শকে ধারণ করে কাজ করতে হবে। তবে কোনো ফ্যাসিজমে অংশগ্রহণকারী, গণহত্যায় অংশগ্রহণকারী, গণহত্যাকে সমর্থনকারী, চাঁদাবাজী ও দুর্নীতির দায়ে অভিযুক্তরা কখনোই এনসিপিতে আসতে পারবেন না। তারা এনসিপিতে থাকতে পারবে না।এনসিপির আহ্বায়ক বলেন, যারা এনসিপির গঠনতন্ত্র অনুযায়ী, ন্যায় ও জনদাবির রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় তাদের নিয়ে এগিয়ে যাব। যারা বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, সেই রাজনীতিকে ধারণ করে আমরা জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে মাথায় রেখে এগিয়ে যাব।এর আগে, এনসিপি কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে জুলাই আন্দোলনের অন্তত ৩০ জন নেতা দলটিতে যোগ দেন। এনসিপিতে যোগ দেওয়া কয়েকজন হলেন- আপ বাংলাদেশ প্ল্যাটফর্মের প্রধান উদ্যোক্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক দুই সভাপতি আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত। এছাড়া এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সানী আবদুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম ও দপ্তর সম্পাদক শাহাদাত হোসেনও এনসিপিতে যোগ দিয়েছেন।নতুন দলটিতে আরও যুক্ত হয়েছেন শাহরিজ সুলতানা ইরা, আয়মান রাহাত, হাসান তানভীর, ওয়াহিদ আলম, মোহাম্মদ জসিমউদ্দিন, সাজ্জাদ সাব্বির, এস এম সুইটসহ প্রমুখ।