ঢাকা    রোববার, ১৯ এপ্রিল ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

এক পরিবার, দুই রাজনীতি: লক্ষ্মীপুর-১ এ ব্যতিক্রমী ভোটের গল্প

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে দেখা যাচ্ছে এক ব্যতিক্রমী রাজনৈতিক চিত্র। একই পরিবারের বাবা ও ছেলে ভিন্ন রাজনৈতিক জোট ও প্রতীকের পক্ষে মাঠে নেমেছেন প্রচারণায়।ওই আসনে ১০ দলীয় জোটের প্রার্থী মাহবুব আলম শাপলা কলি প্রতীকে নির্বাচন করছেন। তিনি সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই। অন্যদিকে তাঁর বাবা আজিজুর রহমান বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোটের প্রচারণা চালাচ্ছেন।মাহবুব আলমের বাড়ি রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকার মোল্লা বাড়িতে। তাঁর বাবা আজিজুর রহমান ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত।শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ইছাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির প্রার্থীর সঙ্গে অন্তত ১৮টি পথসভায় অংশ নেন আজিজুর রহমান। এসব পথসভায় তিনি প্রকাশ্যে ধানের শীষ প্রতীকে ভোট চান।এ বিষয়ে আজিজুর রহমান সাংবাদিকদের বলেন,‘পরিবার আমার ব্যক্তিগত বিষয়, আর রাজনীতি আমার আদর্শ ও অবস্থানের জায়গা। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি। ব্যক্তিগত সম্পর্কের কারণে রাজনৈতিক অবস্থান পরিবর্তনের কোনো সুযোগ নেই। সে কারণেই নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে নেমে ভোট চাইছি। ছেলের জন্য বাবা হিসেবে দোয়া করি।’এ প্রসঙ্গে এনসিপির প্রার্থী মাহবুব আলম বলেন,‘বিষয়টি আমার নজরে এসেছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। এ নিয়ে আমার বাবাকেই জিজ্ঞাসা করতে পারেন।’এ আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাকির হোসেন পাটোয়ারী, যাঁর প্রতীক হাত পাখা।

এক পরিবার, দুই রাজনীতি: লক্ষ্মীপুর-১ এ ব্যতিক্রমী ভোটের গল্প