হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, জারি ১৪৪ ধারা
হবিগঞ্জে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।বুধবার (২৯ জুলাই) এ সিদ্ধান্ত গ্রহণ করে উপজেলা প্রশাসন।এর আগে, হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে দলটি। একই সঙ্গে বুধবার বিকেল ৩টায় হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।অন্যদিকে, এনসিপির বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ‘উসকানিমূলক মিথ্যাচারের’ অভিযোগ তুলে এর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল ও যুবদল।ছাত্রদল বুধবার জেলার সব উপজেলা, পৌরসভা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করে। জেলা শহরসহ প্রতিটি উপজেলা ও পৌরসভায় বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয় যুবদলও।একই দিনে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে হবিগঞ্জ শহরে উত্তেজনা বিরাজ করছে।