৫ হাজার বাঙালিকে বাংলাদেশে পুশইনে বাধ্য করেছেন শুভেন্দু: হিউম্যান রাইটস ওয়াচ
ভারত থেকে বাঙালিদের বেআইনিভাবে বহিষ্কার এবং বাংলাদেশে পুশইনের অপচেষ্টায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা-হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। প্রায় পাঁচ হাজার মানুষকে পুশইনে বাধ্য করার অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের ১ জুন থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের ২১টি পুশব্যাক চেষ্টা প্রতিহত করে নারী-শিশুসহ দুই শতাধিক মানুষকে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী-বিজিবি। পঞ্চগড় সীমান্তে একটি ৭৫ ঘণ্টার অচলাবস্থাসহ একাধিক ঘটনা ওই প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, ভোটার তালিকা থেকে বাদ দিয়ে এবং কোনো আইনি সুযোগ না দিয়েই এই বহিষ্কার প্রক্রিয়া চালাচ্ছে ভারত, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের নয়া মুখ্যমন্ত্রী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নাম বিশেষভাবে উল্লেখ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। এই প্রতিবেদনে শুভেন্দুর বিরুদ্ধে বাঙালি মুসলমানদের বাংলাদেশে অবৈধভাবে পুশব্যাকের জন্য বিশেষ অভিযান চালাতে নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। দীর্ঘ এই প্রতিবেদনে সংস্থাটির দক্ষিণ এশিয়া শাখার উপ-পরিচালক মিনাক্ষী গাঙ্গুলি ছাড়াও ৯ ভুক্তভোগীর সাক্ষাৎকার সংযুক্ত করা হয়েছে।