র্যাবের নাম বদল: এখন থেকে ‘এসআইএফ’
মানবাধিকার সংস্থার বারবার আহ্বানের পরও র্যাব বিলুপ্ত না করে সরকার কেবল নাম ও পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিল।জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বহুবার বাংলাদেশের পুলিশের বিশেষ বাহিনী র্যাব বিলুপ্ত করার আহ্বান জানিয়েছিল। তবে ২২ বছর ধরে কার্যক্রম চালিয়ে আসা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) বিলুপ্ত না করে সরকার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ) এবং সদস্যদের নতুন পোশাকেও পরিবর্তন আসবে।মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, “ইতোমধ্যে এ ব্যাপারে প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন। শিগগিরই একটি সরকারি আদেশ জারি হবে।”
র্যাব ২০০৪ সালের ২৬ মার্চ গঠিত হয়েছিল, তখনই জঙ্গিবাদের উত্থান ও আইনশৃঙ্খলার অবনতি লক্ষ্য করা যাচ্ছিল। তবে ‘ক্রসফায়ার’ ও ‘বন্দুকযুদ্ধ’ নামে বিচারবহির্ভূত হত্যার অভিযোগ ওঠে বাহিনীর বিরুদ্ধে। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং ২০২৪ সালের ছাত্র আন্দোলনের সময় জাতিসংঘের সুপারিশ সত্ত্বেও বাংলাদেশ সরকার বাহিনী বিলুপ্ত না করে কেবল নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিল।