৪ বছরের সন্তানের নিরাপত্তায় অস্ত্র চেয়ে আবেদন
চার বছর বয়সি নিজ কন্যাসন্তানের নিরাপত্তার জন্য শর্টগান চেয়ে সরকারের কাছে আবেদন করেছেন বরগুনার এক বাসিন্দা।বৃহস্পতিবার (২১ মে) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে এ আবেদন করেন মাসুদুল ইসলাম নামে এক ব্যক্তি।আবেদনে তিনি বলেন, ‘আমি নিম্নস্বাক্ষরকারী স্বাধীন বাংলাদেশের একজন বৈধ নাগরিক। আমার কন্যাসন্তান আছে, যার বয়স ৪ বছর। কিছু বছর যাবৎ শিশুদের প্রতি বর্বরতার চিত্র ও তা নিয়ে রাষ্ট্রের উদাসীনতা দেখে আমি আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে স্বাভাবিক জীবন পরিচালনায় ব্যর্থ হচ্ছি।’আবেদনে মাসুদুল আরও উল্লেখ করেন, ‘বিভিন্ন ঘটনার বিশ্লেষণে দেখলাম সন্তান আমার, রাষ্ট্রের নয়। তাই রাষ্ট্রের কাছে তার নিরাপত্তা চেয়ে মহামান্যদের উপভোগ্য ক্ষমতার মহামূল্যবান সময় নষ্ট করে নিজেকে কলুষিত করব না। আমার নিষ্পাপ সন্তানের নিরাপত্তার দায়িত্ব আমি নিজেই নিতে চাই বিধায় বৈধ উপায়ে একটি শটগান একান্ত প্রয়োজন।’এ অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিষয়টি বিবেচনায় নিয়ে জননিরাপত্তা বিভাগের মাধ্যমে একটি শটগান বরাদ্দে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন আমতলীর এ বাসিন্দা।