মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটিতে বিচারক হয়ে সমালোচনার মুখে শামীম-মোশাররফ
সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটির গ্র্যান্ড ফিনাল। ওই অনুষ্ঠানের কিছু ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়েছে যেখানে পারফর্মারদের পারফর্ম ও বেশভূষা নিয়ে সমালোচনা হচ্ছে। ওই অনুষ্ঠানে বিচারকের আসনে দেখা গেছে জনপ্রিয় অভিনেতা শামীম জামান ও মোশাররফ করিমকে। যা ভালোভাবে নেননি ভক্তরা। অনেকেই প্রশ্ন তুলেছেন, তাঁদের মতো গুণী অভিনেতা কীভাবে এ অনুষ্ঠানের বিচারক হিসেবে অংশ নিলেন? এই যেমন সাবেক এনসিপি নেত্রী ডা. তাসনুভা জাবিন এক পোস্টে হতাশা প্রকাশ করে লিখেছেন, ‘আমি মানতেই পারছি না, মোশাররফ করিমের মতো অভিনেতার সামনে এরকম মানহীন, কুৎসিত পরিবেশনা হয়ে গেল। মনে হচ্ছে মাটি ভাগ হয়ে যাক, লুকায় যায়। নিজেরই লজ্জা লাগছে। এসব বন্ধের কোনো উপায় নাই?’তাসনুভার পোস্টের মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘ওইখানে যারা ছিলেন তাঁদের মনে হয় রুচির দুর্ভিক্ষ হইছে।’ অন্য একজন লিখেছেন, ‘মোশাররফ করিম কেন অতিথী হয়ে যেতে রাজি হলো ওরকম আয়োজনে, টাকাই সব?’এদিকে ওই অনুষ্ঠানের অন্যতম বিচারক অভিনেতা ও নির্মাতা শামীম জামান অভিযোগ করে বলেন, ‘সামাজিক মাধ্যমে যেভাবে সমালোচনা করা হচ্ছে বিষয়টি পুরোপুরি সত্য নয়। কারণ ওই অনুষ্ঠানের মূল প্রতিযোগী ছিলেন আটজন নারী। অ্যাডলফ খান ওই অনুষ্ঠানে একটি গানের সঙ্গে নাচ পরিবেশন করেন এবং তাঁর হাতে একটি পুরস্কার তুলে দেওয়া হয়। তিনি ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি’-এর প্রতিযোগী নন।’ অনুষ্ঠানের মূল প্রতিযোগীদের বাদ দিয়ে অ্যাডলফের নাচ ও পুরস্কার প্রাপ্তিকে কেন্দ্র করে সমালোচনা নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি। শামীমের কথায়, ‘ওখানে অনেকেই পারফর্ম করতে এসেছিলেন। তবে মূল প্রতিযোগী ছিলেন আটজন। আমরা তাঁদের পারফরম্যান্স দেখেছি, বিচার-বিশ্লেষণ করেছি। মূল প্রতিযোগীদের বাইরে কে এসে নাচলো বা কী করল—সেটার সাথে আমাদের জড়িয়ে যদি মানুষ সমালোচনা করে তাহলে কিছু করার নেই। সমালোচকরা আসল বিষয়টা না বুঝেই কথা বলছেন।’