ঢাকা    শনিবার, ২৭ জুন ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ, বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায় মুশফিকের

টেস্ট ক্রিকেটে এখনও বাংলাদেশের সবচেয়ে নির্ভরতার নাম মুশফিকুর রহিম। আন্তর্জাতিক ক্রিকেটের বাকি দুই ফরম্যাট থেকে সরে দাঁড়ালেও লাল বলের ক্রিকেটে নিজের গুরুত্ব যেন আরও ভালোভাবেই প্রমাণ করে চলেছেন তিনি। সিলেট টেস্টে আজ দুর্দান্ত এক সেঞ্চুরি করে দলকে শক্ত অবস্থানে নেওয়ার পাশাপাশি গড়েছেন একাধিক রেকর্ড।দ্বিতীয় ইনিংসে পরিণত ব্যাটিংয়ে ১৭৮ বলে শতক পূর্ণ করেন মুশফিক। ইনিংসজুড়ে ছিল তার স্বভাবসুলভ ধৈর্য ও নিয়ন্ত্রিত শটের প্রদর্শনী। ৯টি চার ও একটি ছক্কায় সাজানো এই ইনিংস বাংলাদেশকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেয়। টেস্টের তৃতীয় দিনে ৮৫ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ৬ উইকেটে ৩২৫ রান। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৩৭১ রানে।এই সেঞ্চুরির মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ১৬ হাজার রান পূর্ণ করেছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে ধারাবাহিক পারফরম্যান্সের ফল হিসেবেই এসেছে এই অর্জন।একই সঙ্গে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির মালিকও এখন মুশফিক। মুমিনুল হককে ছাড়িয়ে তার সেঞ্চুরির সংখ্যা দাঁড়িয়েছে ১৪-তে। মোহাম্মদ আব্বাসের বলে বাউন্ডারি মেরে শতক পূর্ণ করার মুহূর্তটি তাই হয়ে থাকে বিশেষ স্মরণীয়।বিশ্ব ক্রিকেটেও এই অর্জনের মাধ্যমে বিশেষ এক তালিকায় জায়গা করে নিয়েছেন মুশফিক। আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রান করা ক্রিকেটারদের মধ্যে তিনি এখন ৩৪তম। এই তালিকায় সবার ওপরে রয়েছেন ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার, যার সংগ্রহ ৩৪ হাজার ৩৫৭ রান। এরপর রয়েছেন বিরাট কোহলি ও কুমার সাঙ্গাকারা।বাংলাদেশি ব্যাটারদের মধ্যে মুশফিকের সবচেয়ে কাছাকাছি অবস্থানে আছেন তামিম ইকবাল। ২০০৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে তামিম করেছেন ১৫ হাজার ২৪৯ রান। তবে নতুন এই কীর্তিতে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন মুশফিক!

১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ, বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায় মুশফিকের