গোপন কক্ষে লুকানো তেলের ভাণ্ডার: ৩৭ হাজার লিটার সয়াবিন তেল জব্দ
মাদারীপুরের ডাসার উপজেলায় অবৈধভাবে মজুত করে রাখা ৩৭ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব।রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুয়াশার বাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে এই তেল জব্দ করা হয়।অভিযান সূত্রে জানা গেছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মুনাফার উদ্দেশে বিপুল পরিমাণ ভোজ্যতেল মজুত করে রাখা হয়েছিল ঘরের ভিতরের গোপন কক্ষে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর র্যাবকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে। অভিযানে ধুয়াশার বাজারে মেসার্স সরদার ট্রেডার্সের নামে পরিচালিত একটি গোডাউন থেকে ৩৭ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।জানা গেছে, মেসার্স সরদার ট্রেডার্স পরিচালনা করেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য বাচ্চু সরদার। অভিযানের সময় অবৈধভাবে তেল মজুত রাখার দায়ে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় স্থানীয় বাজারে স্বস্তি ফিরে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।অভিযানের নেতৃত্ব দেওয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দ মন্ডল বলেন, জব্দকৃত তেল দ্রুত বাজারে সরবরাহ নিশ্চিত করতে আজকের মধ্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার শর্তে সংশ্লিষ্টদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।এ বিষয়ে মাদারীপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দ মন্ডল বলেন, ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল করতে এবং অতিরিক্ত মুনাফার আশায় এসব তেল অবৈধভাবে মজুত করা হয়েছিল। ভোক্তার স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।