ঢাকা    শনিবার, ০৬ জুন ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

বিএনপিতে ফেরা নিয়ে শর্ত দিলেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে জয়ী স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বলেছেন, বিএনপি যদি তাকে দলে ফেরাতে চায়, তবে তার নেতাকর্মীদেরও দলে নিতে হবে। শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তিনি তার নির্বাচনী প্রতীক ‘হাঁস’ নিয়ে উপস্থিত ছিলেন।এবারের নির্বাচনে ‘হাঁস’ প্রতীক নিয়ে অংশ নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বিএনপি জোট সমর্থিত প্রার্থী জুনায়েদ আল হাবীব ‘খেজুর গাছ’ প্রতীক নিয়ে পেয়েছেন ৮০ হাজার ৪৩৪ ভোট। ব্যবধান দাঁড়ায় ৩৮ হাজারেরও বেশি।সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা জানান, ছোটবেলা থেকেই হাঁস-মুরগি ও কবুতর পালনের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। পারিবারিক কারণে একসময় শহরে চলে গেলেও ব্রাহ্মণবাড়িয়ায় ফিরে আবার সেই শখে ফিরেছেন। অবসর সময় হাঁস-মুরগির সঙ্গেই কাটান বলেও জানান তিনি। এই আবেগ থেকেই ‘হাঁস’ প্রতীক বেছে নেওয়ার কথা বলেন তিনি।জয়ের অনুভূতি জানিয়ে তিনি বলেন, বিএনপি থেকে বেরিয়ে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা সহজ ছিল না। তার মতে, নিজের চেয়েও নেতাকর্মীরা বেশি কষ্টের সময় পার করেছেন। গত ১৭ বছরে তারা ত্যাগ ও পরিশ্রম করেছেন, অনেকেই ঘরে থাকতে পারেননি এবং বহিষ্কারের মুখে পড়েছেন।ভোটগ্রহণের দিন অনিয়মের অভিযোগ করে তিনি বলেন, দুপুরের পর কয়েকটি কেন্দ্রে ভোট কারচুপির চেষ্টা হয়েছে এবং ফলাফল বিলম্বিত করার চেষ্টা করা হয়। জালিয়াপাড়া কেন্দ্রে গিয়ে তিনি নিজে পরিস্থিতি সামাল দিয়েছেন বলেও দাবি করেন।নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, দলীয় প্রার্থী না হওয়ায় নিজের অবস্থান টিকিয়ে রাখতে হলে কাজের বিকল্প নেই। আবার নির্বাচনে দাঁড়াতে হলে কাজই হবে একমাত্র ভরসা। উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। তিনি একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য এবং দলের আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ছিলেন। সম্প্রতি বিএনপি জোটের প্রার্থীর বিপক্ষে তার পক্ষে কাজ করায় সরাইল উপজেলার বিভিন্ন পর্যায়ের ১০ নেতাকেও বহিষ্কার করা হয়।

বিএনপিতে ফেরা নিয়ে শর্ত দিলেন রুমিন ফারহানা