অত্যন্ত জ্ঞানী' স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয়ে মনোযোগ দিলে দেশ উপকৃত হতো: রুমিন ফারহানা
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে 'অত্যন্ত জ্ঞানী' অভিহিত করে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, অন্য মন্ত্রণালয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর যে আগ্রহ ও অতি তৎপরতা, তা যদি তিনি নিজের মন্ত্রণালয়ে দেখাতেন তবে দেশবাসী আরও বেশি উপকৃত হতো। শুক্রবার (২৬ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের ঘাগড়াজুড়ি গ্রামে একটি সড়কের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। দেশের বর্তমান পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, 'বাংলাদেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে নাজুক অবস্থা, নিকট অতীতে তা কখনো ছিল না। সেই সব দিক বিবেচনা করে আমার মনে হয়, সরকারের দুজন মন্ত্রীর ঘাড়ে অর্ধেক দায়িত্ব; অর্থ এবং স্বরাষ্ট্র। কিন্তু দুর্ভাগ্যবশত, স্বরাষ্ট্রমন্ত্রীর অন্য সব মন্ত্রণালয়ের ব্যাপারে যতটুকু আগ্রহ, উৎসাহ এবং অতি তৎপরতা রয়েছে, সেই তৎপরতা যদি তিনি নিজের মন্ত্রণালয়ে দেখাতেন, তবে দেশবাসী উপকৃত হতো।' রুমিন ফারহানা বলেন, 'অর্থনীতি এবং আইনশৃঙ্খলা—এই দুটি জায়গায় যদি দৃশ্যমান অগ্রগতি না হয়, তবে এই সরকারের পরিণতি সত্যিকার অর্থেই দুঃখজনক হবে। নতুন অর্থবছরের যে বাজেট দেওয়া হয়েছে, সেই বাজেটের বিশ্লেষণ করে আমি সংসদেও কথা বলেছি। এই বাজেট কতটুকু বাস্তবায়নযোগ্য, তা নিয়েও বড় প্রশ্ন রয়েছে।' এ সময় মামলা বাণিজ্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'এলাকায় এলাকায় বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা মামলার ব্যবসা করছে। বিষয়টি আমি সংসদেও বলেছি। আমি সরকারকে এবং আমাদের অত্যন্ত জ্ঞানী স্বরাষ্ট্রমন্ত্রীকে বলব, বিষয়টি আপনারা খতিয়ে দেখবেন। কারণ মনে রাখবেন, নাথিং গোউজ আর আননোটিশড অ্যান্ড আনপানিশড।'তিনি আরও যোগ করেন, 'আজকে আপনি যা করছেন, একদিন আপনাকে তার জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে।' সড়ক পরিদর্শনকালে রুমিন ফারহানার সঙ্গে তার স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।