ঢাকা    শনিবার, ০৬ জুন ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

নিষিদ্ধ রাসায়নিক ব্যবহারে বেঙ্গল সুইট ফুডকে ১৬ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার, ২৫ ফেব্রুয়ারি: মৌলভীবাজারে বিশুদ্ধ খাদ্য আদালত নিষিদ্ধ রাসায়নিক পদার্থ ব্যবহার করে খাদ্য উৎপাদনের দায়ে বেঙ্গল সুইট ফুড প্রতিষ্ঠানকে ১৬ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।আদালত সূত্রে জানা যায়, ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে প্রতিষ্ঠানটির উৎপাদিত জিলাপীতে নিষিদ্ধ রাসায়নিক পদার্থ হাইড্রোজ (সোডিয়াম হাইড্রো সালফাইড) শনাক্ত হওয়ায় এ দণ্ড প্রদান করা হয়। গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মামলার ধারাবাহিক শুনানি শেষে মৌলভীবাজার এর বিশুদ্ধ খাদ্য আদালত ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩’ এর দুটি ধারায় এ রায় ঘোষণা করেন।মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত ২৮ আগস্ট ২০২৫ তারিখে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর মৌলভীবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক দীপংকর ব্রহ্মচারী বাদী হয়ে বেঙ্গল সুইট ফুড প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় প্রদান করেন।এ বিষয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মৌলভীবাজার জেলা কার্যালয়ের অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. শাকিব হোসাইন জানান, হাইড্রোজ একটি বিষাক্ত রাসায়নিক পদার্থ, যা খাদ্য উৎপাদনে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এবং নিরাপদ খাদ্য আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের রাসায়নিকযুক্ত খাদ্য গ্রহণের ফলে মানবদেহের কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়াও পাকস্থলীর ক্যান্সার, আলসার, পেটের বিভিন্ন সমস্যা এবং হরমোনের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটার ঝুঁকি থাকে।তিনি আরও জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে। নিরাপদ খাদ্য সংক্রান্ত যেকোনো অভিযোগ জাতীয় হটলাইন নম্বর ১৬১৫৫ এ জানানোর জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।

নিষিদ্ধ রাসায়নিক ব্যবহারে বেঙ্গল সুইট ফুডকে ১৬ লাখ টাকা জরিমানা