ঢাকা    রোববার, ১৯ এপ্রিল ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

রাশিয়ার তেল আমদানিতে ভারতকে কঠোর শাস্তির ইঙ্গিত ট্রাম্পের, ৫০০ শতাংশ শুল্কের বিল আসছে

রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখায় ভারতসহ কয়েকটি দেশের বিরুদ্ধে আরও কঠোর বাণিজ্যিক পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপের ক্ষমতা দিতে একটি বিলের প্রতি সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই বিলটি মার্কিন কংগ্রেসে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম।রাশিয়া থেকে অশোধিত তেল আমদানি অব্যাহত রাখায় ভারতকে আরও কঠোর ‘শাস্তি’ দেওয়ার পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতসহ কয়েকটি দেশের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপের বিধান রেখে একটি বিলে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।রিপাবলিকান পার্টির প্রভাবশালী সিনেটর লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন, খুব শিগগিরই এ সংক্রান্ত বিলটি মার্কিন কংগ্রেসে উত্থাপন করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “এই বিলের মাধ্যমে যেসব দেশ সস্তায় রাশিয়ার তেল কিনে প্রেসিডেন্ট পুতিনকে যুদ্ধে সহায়তা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারবেন প্রেসিডেন্ট ট্রাম্প।” গ্রাহাম তার পোস্টে স্পষ্টভাবে ভারত, ব্রাজিল ও চীনের নাম উল্লেখ করে বলেন, রাশিয়া থেকে এখনো তেল আমদানি অব্যাহত রাখা দেশগুলোকেই এই শাস্তির আওতায় আনা হবে।বর্তমানে রাশিয়া থেকে অশোধিত তেল কেনার কারণে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করে রেখেছে ট্রাম্প প্রশাসন। ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্কের হার দাঁড়িয়েছে ৫০ শতাংশে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তির অন্যতম শর্ত হিসেবে রুশ তেল আমদানি বন্ধের চাপ দেওয়া হচ্ছে নয়াদিল্লির ওপর।এ ছাড়া ট্রাম্প প্রশাসন রাশিয়ার দুটি প্রধান জ্বালানি কোম্পানি—রসনেফ্ট ও লুকঅয়েল—এর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে। গত রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “ভারত রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে। আমরা খুব শিগগিরই তাদের ওপর আরও বেশি শুল্ক আরোপ করতে পারি।” উল্লেখ্য, লিন্ডসে গ্রাহাম ডেমোক্রেটিক সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল-এর সঙ্গে যৌথভাবে এই বিলটি তৈরি করেছেন। বিলটি পাস হলে ট্রাম্প প্রশাসন রাশিয়ার তেল, গ্যাস, ইউরেনিয়াম ও অন্যান্য পণ্য আমদানি করা দেশগুলোর ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ শুল্ক এবং দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা পাবে। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো রাশিয়ার সামরিক কর্মকাণ্ডে অর্থায়নের প্রধান উৎসগুলো বন্ধ করা। তবে একই সঙ্গে এ ধরনের কঠোর পদক্ষেপ বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

রাশিয়ার তেল আমদানিতে ভারতকে কঠোর শাস্তির ইঙ্গিত ট্রাম্পের, ৫০০ শতাংশ শুল্কের বিল আসছে