মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড কার্যক্রম—স্বচ্ছতা নাকি বিভ্রান্তি?
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ | মৌলভীবাজার মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ৪নং পাঁচগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রমের অংশ হিসেবে সরকারিভাবে তথ্য সংগ্রহ চলছে।২৪ এপ্রিল ২০২৬, শুক্রবার সকাল ১০টা থেকে সরকার কর্তৃক নির্ধারিত জনবল বিভক্ত হয়ে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু করে। এ বিষয়ে ২৩ এপ্রিল বৃহস্পতিবার রাজনগর উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার সকাল থেকে প্রায় ৩০ জন কর্মকর্তা ওয়ার্ডটির প্রতিটি বাড়িতে গিয়ে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ করবেন।সকাল ১০টার দিকে সরেজমিনে দেখা যায়, কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন। তবে প্রতিটি পরিবারের পক্ষ থেকে একজন নারীর তথ্য নেওয়া হলেও, কী কী তথ্য প্রদান করতে হবে সে বিষয়ে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি লক্ষ্য করা গেছে। আগের দিন মাইকিং করা হলেও অনেকেই বিস্তারিত বুঝতে পারেননি।এ কারণে তথ্য সংগ্রহকারী কর্মকর্তাদের যেমন কাজ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তেমনি তথ্যদাতারাও প্রয়োজনীয় তথ্য দিতে হিমশিম খাচ্ছেন। ফলে উভয় পক্ষই এক ধরনের ভোগান্তির মধ্যে পড়েছেন। এছাড়া তথ্য সংগ্রহের ফরমটি তুলনামূলক জটিল হওয়ায় গ্রামের সাধারণ মানুষের জন্য তা পূরণ করা কঠিন হয়ে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের মতে, ফরমটি আরও সহজ করা হলে সাধারণ মানুষের জন্য সুবিধাজনক হতো।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তারা কষ্ট করে তথ্য প্রদান করলেও শেষ পর্যন্ত কার্ড বণ্টনে দলীয় প্রভাব থাকতে পারে বলে তাদের মধ্যে শঙ্কা রয়েছে।এদিকে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের সময় সংবাদ সংগ্রহ করতে গেলে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফোন করে ছবি না তোলার এবং এ বিষয়ে সংবাদ প্রকাশ না করার কথা বলেন।ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্পর্কে আরও জানা যায়, মৌলভীবাজার জেলার মধ্যে পরীক্ষামূলকভাবে (পাইলট প্রকল্প হিসেবে) শুধুমাত্র রাজনগর উপজেলার ৪নং পাঁচগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওয়ার্ডটি হাওর অঞ্চল হওয়ায় এবং এখানকার অধিকাংশ মানুষ মৎস্যজীবী, শ্রমজীবী ও কৃষিনির্ভর হওয়ায় এই এলাকা নির্বাচন করা হয়েছে।এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিটি পরিবারের সঠিক তথ্য সংগ্রহে কর্মকর্তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং কোনো ধরনের তদবির গ্রহণ না করার জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এ ওয়ার্ডে প্রাথমিকভাবে কতটি পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় আসবে, তা এখনও নির্ধারণ করা হয়নি।যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, এ কার্যক্রম সম্পূর্ণভাবে সরকারি কর্মকর্তাদের মাধ্যমে পরিচালিত হবে এবং এতে কোনো রাজনৈতিক ব্যক্তি বা স্থানীয় জনপ্রতিনিধির সম্পৃক্ততা থাকবে না।