ঢাকা    বুধবার, ০৮ জুলাই ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

বাংলাদেশে জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।বুধবার (৮ জুলাই) সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তুরস্ক দূতাবাসের বাণিজ্য কাউন্সেলর বিলাল বেলইউর্ত, ইউনাইটেড আইগাজ এলপিজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন ওরতাচ উপস্থিত ছিলেন।বৈঠকে রাষ্ট্রদূত দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি তুলে ধরেন এবং বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। জ্বালানিমন্ত্রী বাংলাদেশে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানান। দেশের জ্বালানি খাতে, এলএনজি সরবরাহে বিদেশি বিনিয়োগ ও অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি ধর্মীয় ও সাংস্কৃতিক সাযুজ্যপূর্ণ দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে সরকার-টু-সরকার (জি-টু-জি) সহযোগিতার গুরুত্বও তুলে ধরেন।বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে। একই সঙ্গে জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশে জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক