ঢাকা    শনিবার, ০৪ জুলাই ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

প্রথমবারের মতো ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট’, ৭৫% পর্যন্ত মূল্যছাড়ে কেনাকাটার সুযোগ

বাংলাদেশে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে ছাড়ভিত্তিক কেনাকাটার উৎসব 'ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬' আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে দেশি-বিদেশি ২৫০টি ব্র্যান্ড অংশ নেবে বলে গত বুধবার (১ জুলাই) আয়োজকেরা ঘোষণা দিয়েছেন।ঢাকার হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। উৎসবটির আয়োজন করছে ইভেন্টকম এবং কৌশলগত অংশীদার হিসেবে রয়েছে ভেন্টোরা কমিউনিকেশনস লিমিটেড।আয়োজকদের ভাষ্য, এই উৎসবকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ছাড়ভিত্তিক কেনাকাটার উৎসবে পরিণত করাই তাদের লক্ষ্য। এতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপসহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের ব্র্যান্ড অংশ নেবে।দর্শনার্থীরা বিভিন্ন ধরনের পণ্য ও সেবায় সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় উপভোগ করতে পারবেন। পাশাপাশি থাকবে আকস্মিক বিশেষ ছাড়, সীমিত সময়ের বিশেষ মূল্যছাড় এবং শুধুমাত্র উৎসবের জন্য নির্ধারিত বিশেষ অফার।আয়োজকদের মতে, এই উৎসবের লক্ষ্য হলো দেশি ও আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর সঙ্গে ভোক্তাদের সংযোগ স্থাপন করা। একই সঙ্গে এটি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে তাদের বাজার সম্প্রসারণ, গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করা এবং নতুন বাণিজ্যিক অংশীদারিত্ব গড়ে তুলতে সহায়তা করবে। পাশাপাশি বাংলাদেশের উদীয়মান ব্র্যান্ডগুলোকেও আরও ব্যাপক পরিচিতি পাওয়ার সুযোগ করে দেবে।আয়োজকদের তথ্য অনুযায়ী, যেসব প্রতিষ্ঠান আগামী ১৬ জুলাইয়ের মধ্যে প্রদর্শনী স্টল বুকিং নিশ্চিত করবে, তারা আগাম নিবন্ধনের সুবিধা হিসেবে স্টল ভাড়ায় ৫০ শতাংশ মূল্যছাড় পাবে।প্রকল্প পরিচালক মো. তাসলিম আমিন শোভন বলেন, এই উৎসবের উদ্দেশ্য হলো ব্র্যান্ড ও ভোক্তাদের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করা এবং বাংলাদেশের খুচরা বিক্রয় খাতের প্রবৃদ্ধিকে সহায়তা করা।পরিচালনা বিভাগের প্রধান শফিকুল ইসলাম বলেন, এটি দেশে এ ধরনের প্রথম উদ্যোগ। তাঁর আশা, এই আয়োজন নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করবে, আরও বেশি ক্রেতাকে আকৃষ্ট করবে এবং খুচরা বিক্রয় খাতের প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।নারী ক্ষমতায়নবিষয়ক প্রধান সমন্বয়কারী জিন্নাত আরা বারী বলেন, এই উৎসব নারী উদ্যোক্তাদের জন্য তাদের পণ্য ভোক্তা, করপোরেট ক্রেতা, পরিবেশক, ব্যবসায়িক অংশীদার এবং গণমাধ্যম প্রতিনিধিদের সামনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে।আয়োজকেরা জানান, ভবিষ্যতে 'ঢাকা ডিসকাউন্ট ফেস্ট'কে প্রতিবছরের আয়োজনে পরিণত করার পরিকল্পনা রয়েছে। এরপর এটি দেশের অন্যান্য শহরেও সম্প্রসারণ করা হবে। আগামী বছর চট্টগ্রামে ১১ থেকে ১৩ মার্চ, রাজশাহীতে ১৩ থেকে ১৫ মে, সিলেটে ১০ থেকে ১৩ জুন এবং খুলনায় ৯ থেকে ১১ সেপ্টেম্বর একই ধরনের উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে।তারা আরও জানান, ভবিষ্যতে এই উৎসব আন্তর্জাতিক পর্যায়েও সম্প্রসারণ করা হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

প্রথমবারের মতো ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট’, ৭৫% পর্যন্ত মূল্যছাড়ে কেনাকাটার সুযোগ