‘সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করুন, জয় তৃণমূলেরই হবে’—মমতা বন্দ্যোপাধ্যায়
সকাল থেকে দুপুর পর্যন্ত ভোটগণনার প্রবণতায় পশ্চিমবঙ্গে স্পষ্টভাবে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। প্রাথমিক হিসেবে ১৯৪ আসনে এগিয়ে গেরুয়া শিবির, অন্যদিকে একশোর চেয়ে কম আসনে নিজেদের অবস্থান ধরে রেখেছে তৃণমূল কংগ্রেস।এমনই পরিস্থিতিতে দলের প্রার্থী ও কর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ সমাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওবার্তায় তিনি সকলকে ধৈর্য ধরার আহ্বান জানান।মমতা বলেছেন, দয়া করে কোনও তৃণমূল প্রার্থী বা কাউন্টিং এজেন্ট গণনাকেন্দ্র ছেড়ে আসবেন না। এটা বিজেপির পরিকল্পনা।তিনি দাবি করেন, প্রথম দিকের ফলাফলে বিজেপিকে এগিয়ে দেখানো হচ্ছে, কিন্তু পরে ছবিটা বদলাবে।তার কথায়, আমি আগেই বলেছিলাম, ওদের আসন আগে দেখাবে, আমাদেরগুলো পরে।অনেক জায়গায় গণনা বন্ধ করে রাখা হয়েছে। কল্যাণীতে সাতটি মেশিনে গরমিল ধরা পড়েছে।এর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী ও প্রশাসনের ভূমিকা নিয়েও সরব হন তৃণমূলনেত্রী। অভিযোগ করে বলেন, কেন্দ্র জোর করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দিয়ে অত্যাচার করছে। অফিস ভাঙছে, দখল করছে। এসআইআরের নামে ভোট লুট হয়েছে।মমতার দাবি, এখনও তৃণমূল ১০০রও বেশি আসনে এগিয়ে থাকলেও সেই তথ্য প্রকাশ করা হচ্ছে না। নির্বাচন কমিশনের বিরুদ্ধেও পক্ষপাতের অভিযোগ তুলে তিনি বলেন, ইলেকশন কমিশন নিজের ইচ্ছামতো খেলছে। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এই কাজ হচ্ছে।শেষে তিনি দলের নেতা-কর্মীদের উদ্দেশে বার্তা দেন, সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করুন। জয় তৃণমূলেরই হবে।