প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: এনসিপির নেতার বিরুদ্ধে মামলা
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরের নামে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। এ ঘটনার পর গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে বহিষ্কার করা হয়।গতকাল সোমবার (০৩ জুলাই) রাতে সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এস মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই বিকেল তিনটার দিকে জেলা বিএনপির কার্যালয়ে অবস্থানকালে এইচ এস মাফতুন আহমেদ খান রুবেল ফেসবুকে একটি পোস্ট দেখতে পান। অভিযোগ অনুযায়ী, এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে মানহানিকর ও উস্কানিমূলক মন্তব্য পোস্ট করেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে সেটি মুছে ফেলা হলেও এর মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।এজাহারে আরও বলা হয়েছে, বিষয়টি বিএনপির একাধিক নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পান। দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করে পরে থানায় মামলা দায়ের করা হয়।এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে।