অডিট আপত্তি ও মামলা জটে আটকে ১৩ হাজার কোটি টাকার রাজস্ব
দেশের চারটি মোবাইল ফোন অপারেটরের কাছে সরকারের মোট বকেয়া রাজস্বের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৪৪ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি বকেয়া রয়েছে বেসরকারি অপারেটর গ্রামীণফোন লিমিটেডের কাছে, আর দ্বিতীয় সর্বোচ্চ পাওনা রয়েছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডের কাছে।বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমানের এক প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানান।সংসদের প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী বলেন, লাইসেন্স ফি, রেভিনিউ শেয়ারিং, স্পেকট্রাম ফি, প্রশাসনিক জরিমানা, সামাজিক দায়বদ্ধতা তহবিল এবং অডিট আপত্তিজনিত দাবির কারণে অপারেটরগুলোর কাছে দীর্ঘদিন ধরে এই বিপুল পরিমাণ বকেয়া জমেছে।সরকারি তথ্য অনুযায়ী, বেসরকারি অপারেটরগুলোর মধ্যে গ্রামীণফোনের কাছে সরকারের বকেয়া রাজস্বের পরিমাণ সবচেয়ে বেশি, যা ৬ হাজার ১০২ কোটি টাকা। ইনফরমেশন সিস্টেম অডিট আপত্তি ও ভ্যাট সংক্রান্ত বিভিন্ন দাবির কারণে এই অর্থ আদায়ের বিষয়টি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে।রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডের কাছেও সরকারের বড় অঙ্কের বকেয়া রয়েছে, যার পরিমাণ ৫ হাজার ৯৫৪ কোটি টাকা। লাইসেন্স ফি, রেভিনিউ শেয়ারিং ও স্পেকট্রাম ফিসহ বিভিন্ন খাতে এই অর্থ দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন অবস্থায় রয়েছে।অন্য দুই অপারেটরের মধ্যে রবি আজিয়াটা লিমিটেডের কাছে সরকারের বকেয়া ৬১৫ কোটি টাকা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের কাছে বকেয়া ৪৭৩ কোটি টাকা। এসব দাবির বড় অংশই অডিট আপত্তি ও রাজস্ব ভাগাভাগি সংক্রান্ত বিরোধ থেকে তৈরি হয়েছে এবং বর্তমানে আদালতে বিচারাধীন।মন্ত্রী আরও জানান, একাধিক অপারেটরের বিরুদ্ধে উত্থাপিত দাবি আদালতে ঝুলে থাকায় বকেয়া আদায়ের প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে। বিশেষ করে অডিট আপত্তি ও রাজস্ব ভাগাভাগি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি না হওয়ায় সরকারের উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আটকে রয়েছে।