ঢাকা    বুধবার, ০১ জুলাই ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

এমবাপ্পের জোড়া গোলে সুইডেন উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের শক্তির আরেকবার প্রদর্শনী করল ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল, মাইকেল অলিসের অনবদ্য সৃজনশীলতা এবং ব্র্যাডলি বারকোলার নিখুঁত ফিনিশিংয়ে সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে দিদিয়ে দেশমের দল।নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ৮০ হাজারের বেশি দর্শকের সামনে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ফরাসিদের হাতে। বলের দখল, আক্রমণের ধার, সুযোগ সৃষ্টি—সব দিক থেকেই সুইডেনকে ছাপিয়ে যায় তারা। তবে প্রথমার্ধের বেশিরভাগ সময় গোলের দেখা পাচ্ছিল না ফ্রান্স।ম্যাচের ২০তম মিনিটে মাইকেল অলিসের নিখুঁত পাস থেকে জালে বল জড়িয়েছিলেন এমবাপ্পে। কিন্তু ভিডিও সহকারী রেফারির সিদ্ধান্তে অল্পের জন্য অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল হয়।গোল বাতিল হলেও আক্রমণের গতি থামায়নি ফ্রান্স। জুল কুন্দের ক্রস থেকে এমবাপ্পের শট পোস্টে লাগে। কিছুক্ষণ পর আদ্রিয়েন রাবিওর জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর অলিসে অসাধারণ বাইসাইকেল কিকে গোলের চেষ্টা করেছিলেন, কিন্তু বল লেগে ফিরে আসে পোস্টে। ফিরতি বলে উসমান দেম্বেলেও লক্ষ্যভেদ করতে পারেননি।অবশেষে প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে আসে কাঙ্ক্ষিত গোল। কর্নার থেকে দেম্বেলে ও অলিসের দারুণ বোঝাপড়ার পর বল পৌঁছে যায় এমবাপ্পের কাছে। সুযোগ হাতছাড়া করেননি ফরাসি অধিনায়ক। দুর্দান্ত ফিনিশিংয়ে দলকে এগিয়ে দিয়ে বিরতিতে যান তিনি।বিরতির পর সুইডেন ম্যাচে ফেরার চেষ্টা করলেও ফ্রান্স তাদের সেই সুযোগই দেয়নি। ৫৩তম মিনিটে আবারও জাদু দেখান অলিসে। প্রতিপক্ষ ডিফেন্ডারের দুই পায়ের মাঝ দিয়ে অসাধারণ এক পাস বাড়ান তিনি। সেই বল নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শটে ব্যবধান ২-০ করেন ব্র্যাডলি বারকোলা।অলিসে নিজেও গোলের খুব কাছাকাছি পৌঁছেছিলেন, কিন্তু একান্ত সুযোগ কাজে লাগাতে পারেননি। তবে গোল না পেলেও ম্যাচের সেরা পারফরমারদের একজন ছিলেন তিনি। ৭৪তম মিনিটে আরেকটি নিখুঁত পাসে এমবাপ্পেকে একা পেয়ে দেন। ফরাসি তারকা গোলরক্ষককে পরাস্ত করে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন।এই জোড়া গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা দাঁড়িয়েছে ছয়ে। ফলে গোল্ডেন বুটের দৌড়ে তিনি এখন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন।

এমবাপ্পের জোড়া গোলে সুইডেন উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স