মৌলভীবাজার-৩: নির্বাচনী খেলায় চলছে কৌশলগত টানাপোড়েন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-৩ (সদর–রাজনগর) আসনে চলছে নির্বাচনী প্রচারণা। ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’-এর ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী খেলাফত মজলিসের জনাব আহমদ বেলাল দেওয়াল ঘড়ি মার্কায় সদর ও রাজনগরের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।অন্যদিকে, বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমান ধানের শীষ মার্কায় উঠান বৈঠক ও গণসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছাচ্ছেন।এই আসনে আরেকজন প্রার্থী হিসেবে মনোনয়ন পান বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জনাব আব্দুল মান্নান। যদিও ১০ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী মৌলভীবাজার-৩ আসনটি জোটের শরিক খেলাফত মজলিসকে ছেড়ে দেওয়া হয়, তবে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে তাঁকে ঘিরে সাধারণ জনগণ বিক্ষোভ প্রদর্শন করে এবং অবরুদ্ধ করে রাখে।জানা যায়, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে জনাব আব্দুল মান্নান মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি। তিনি জানান, এলাকাবাসী ও কর্মী-সমর্থকদের অবরোধের কারণে তাঁর পক্ষে মনোনয়নপত্র প্রত্যাহার করা সম্ভব হয়নি।মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল থেকে রাত ৮টা পর্যন্ত রাজনগর উপজেলার দত্তগ্রামে নিজ বাড়িতে তাঁকে অবরুদ্ধ করে রাখা হয়। অবরোধকারীদের দাবি, তারা দীর্ঘদিন ধরে আব্দুল মান্নানের পক্ষে নির্বাচনী কার্যক্রম চালিয়ে আসছেন এবং তাকেই প্রার্থী হিসেবে দেখতে চান।এদিকে, একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো ইচ্ছা নেই জামায়াতে ইসলামী মনোনীত এই প্রার্থীর। জোটের প্রার্থী হিসেবে খেলাফত মজলিসের জনাব আহমদ বেলালের নাম ঘোষণার পর থেকে জনাব আব্দুল মান্নানকে আর দাড়িপাল্লা প্রতীকে নির্বাচনী প্রচারণায় দেখা যায়নি।সব মিলিয়ে মৌলভীবাজার-৩ আসনে নির্বাচনী রাজনীতিতে চলছে নানা হিসাব–নিকাশ ও কৌশলগত অবস্থান পরিবর্তন। তবে মাঠপর্যায়ে এখনও পুরোপুরি নির্বাচনী আমেজ দেখা যাচ্ছে না। স্থানীয়দের মতে, ১০ দলীয় জোটের প্রার্থী তুলনামূলকভাবে তেমন জনপ্রিয় না হওয়ায় ভোটের উত্তাপ বাড়েনি। এ কারণে বিএনপির প্রার্থীও এখনো জোরালো ও ব্যাপক প্রচারণায় নামেননি। ফলে এই আসনে নির্বাচনী পরিবেশ আপাতত শান্ত ও কিছুটা শীতল অবস্থায় রয়েছে।