ভারতে পালিয়ে সমর্থকদের বিপদে ফেলেছেন শেখ হাসিনা: মির্জা ফখরুল
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেলেও দলের নেতাকর্মীদের সংকটে ফেলে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি বলেন, বিএনপি অন্যায়ের বিচার চায়, তবে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়—তা নিশ্চিত করাই দলের অঙ্গীকার।শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও-১ আসনের দেবীপুর শোল্টোহরি বাজার ও সদর উপজেলার দেবীপুর আদর্শ গ্রামে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে গিয়ে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, “শেখ হাসিনা ভারতে চলে গেছেন—এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু তিনি যাওয়ার সময় নিজের সমর্থক ও নেতাকর্মীদের বিপদের মুখে ফেলে গেছেন। আমরা তাদের বলতে চাই, আপনারা ভয় পাবেন না। বিএনপি আপনাদের পাশে আছে। যারা অন্যায় করেছে, তাদের বিচার হবে। আর যারা অন্যায় করেনি, তাদের কোনো শাস্তি হতে দেব না।”রাজনৈতিক প্রতিপক্ষকে ইঙ্গিত করে তিনি বলেন, “একটি দল দাবি করছে—তাদের ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। কোনো মার্কায় সিল দিলেই যদি জান্নাত পাওয়া যেত, তাহলে সবাই জান্নাতেই চলে যেত।”তিনি আরও বলেন, “জান্নাত অর্জন কোনো রাজনৈতিক স্লোগানে নয়, বরং সৎ জীবনযাপন, ইবাদত ও নৈতিকতার মাধ্যমে সম্ভব। বিভ্রান্তিকর স্বপ্ন দেখিয়ে জনগণকে বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে।”দেশ পরিচালনার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “অভিজ্ঞতা থেকে বলছি—বিএনপি ছাড়া এই মুহূর্তে দেশ পরিচালনার মতো প্রস্তুত ও পরীক্ষিত কোনো দল নেই। আমরা রাষ্ট্র পরিচালনা করেছি, সংকট সামলেছি। অন্যদের সে অভিজ্ঞতা নেই।”তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে সব ধর্মীয় ও সামাজিক সম্প্রদায়ের মানুষ মিলেই বাংলাদেশ। “আমরা সবাই একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। বিভাজনের রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না।”সমাবেশে তিনি বিএনপির অতীত উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং আগামীতে নির্বাচিত হলে ঠাকুরগাঁও অঞ্চলের অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান ও জনসেবামূলক কার্যক্রম জোরদারের প্রতিশ্রুতি দেন।