খিচুড়ি রান্না করে ভোটার আপ্যায়ন, জরিমানা ১০ হাজার
ময়মনসিংহের ভালুকায় খিচুড়ি রান্না করে ভোটারদের খাওয়ানোর অভিযোগে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে রান্নার আয়োজককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন গতকাল শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার কাচিনা ইউনিয়নের তামাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ভালুকা মডেল থানা পুলিশ সহযোগিতা করে।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শনিবার বিকেলে তামাট এলাকার আসু নেতার বাড়িতে খিচুড়ি রান্না করে ভোটারদের খাওয়ানো হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থলে অভিযোগের সত্যতা পাওয়া যায়।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসাইন জানান, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ০৪(০১) ধারা লঙ্ঘনের দায়ে ২৭(ক) ধারায় অভিযুক্তকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।তিনি আরও জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।