প্রিন্ট এর তারিখ : ২৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬
চিপসের প্যাকেট খুলে কম চিপস দেখে হতাশ? জেনে নিন বিজ্ঞান
অনলাইন ডেস্ক ||
চিপসের প্যাকেট খুলে ভেতরে সামান্য কটি চিপস দেখে হতাশ হওয়ার অভিজ্ঞতা প্রায় সবারই আছে। বাইরে থেকে প্যাকেটটি ফোলা ও ভর্তি মনে হলেও ভেতরের অর্ধেকেরও বেশি অংশ ফাঁকা থাকে।অনেকে ভাবেন, বেশি পণ্য দেওয়ার ধারণা তৈরি করে গ্রাহকদের সঙ্গে চাতুরি করতেই হয়তো কোম্পানিগুলো এমন বড় প্যাকেট ব্যবহার করে। তবে আসল কারণটি সম্পূর্ণ ভিন্ন ও অনেক বেশি বাস্তবসম্মত। এই ফাঁকা জায়গা না থাকলে আপনার পছন্দের চিপস গুড়ো হয়ে আপনার হাতে পৌঁছাত।প্রথমত, চিপসের প্যাকেটের ভেতর সাধারণ বাতাস থাকে না। প্যাকেট সিল করার আগে এর ভেতরের সাধারণ বাতাস বের করে দিয়ে নাইট্রোজেন গ্যাস ভরা হয়। সাধারণ বাতাসে থাকা অক্সিজেন চিপসে থাকা তেলের সঙ্গে বিক্রিয়া করে সেটিকে বাসি ও গন্ধযুক্ত করে ফেলে। নিষ্ক্রিয় গ্যাস হওয়ায় নাইট্রোজেন খাবারের সঙ্গে বিক্রিয়া করে না। ফলে চিপস দীর্ঘ সময় ধরে মচমচে ও সুস্বাদু থাকে।দ্বিতীয়ত, চিপসের প্যাকেটের এই খালি অংশটি কুশনের মতো কাজ করে। কারখানা থেকে সুপারমার্কেটের তাক হয়ে গ্রাহকের হাত পর্যন্ত পৌঁছাতে চিপসের প্যাকেটগুলোকে অনেকবার হাতবদল হতে হয়। নাইট্রোজেনে ফোলা প্যাকেটটি চাপ শোষণ করে নেয়, যা ভেতরে থাকা নাজুক চিপসগুলোকে ভেঙে গুঁড়ো হওয়া থেকে রক্ষা করে।অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, তবে ছোট প্যাকেট ব্যবহার করা হয় না কেন? প্যাকেজিংয়ের নকশা করা হয় পণ্যের সুরক্ষা, কারখানার যন্ত্রপাতির মাপ এবং পরিবহনের সুবিধার ওপর ভিত্তি করে। তা ছাড়া, চিপসের প্যাকেটে কতটুকু চিপস আছে তা আয়তন দেখে নয়, মোড়কের গায়ে লেখা নেট ওজন অনুযায়ী মেপে দেওয়া হয়।সূত্র: এনডিটিভি
কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত