প্রিন্ট এর তারিখ : ২৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬
মিরাজ: বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত ক্রিকেটীয় নয়, রাজনৈতিক
অনলাইন ডেস্ক ||
নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ ক্রিকেট দল। সেসময় অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত মেনে নিলেও অবশেষে মুখ খুলেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। জানিয়েছেন সেই আসরে না খেলার মূল কারণ।বর্তমানে তিনি ব্যস্ত পার করছেন শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগে। সেখানেই ভারতীয় সংবাদমাধ্যম রেভস্পোর্টজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়াটা রাজনৈতিক সিদ্ধান্ত। তিনি দাবি করেন, ক্রিকেটাররা সবাই ভারতে খেলতে রাজি ছিলেন, তাদের কোনো সমস্যা ছিল না।লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে ভারতের সংবাদমাধ্যম রেভস্পোর্টজের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন তিনি, ‘সবাই জানে এটা ছিল রাজনৈতিক বিষয়। আমরা সবাই বিশ্বকাপে খেলার জন্য প্রস্তুত ছিলাম। আমাদের কোনো সমস্যা ছিল না ভারতে গিয়ে খেলার ব্যাপারে। প্রত্যেক ক্রিকেটার বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখে। অনেকের কাছেই ছিল এটা প্রথম সুযোগ। কিন্তু সেটি হাতছাড়া হয়ে গেছে। এই ব্যাপারে আমি আর বেশিকিছু বলতে চাই না। এটা ছিল সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত।’ভারত ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক নিয়েও কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দীর্ঘদিন ধরেই কোনো দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন হচ্ছে না দুই দেশের মধ্যে। বিসিবি সভাপতি তামিম ইকবালের নেতৃত্বে চেষ্টা চলমান রয়েছে দুই দেশের বোর্ডের মধ্যে সম্পর্ক উন্নতিতে।আশাবাদ ব্যক্ত করেন মিরাজ ভারতীয় দলের বাংলাদেশ সফর নিয়ে। তিনি বলেন, ‘আমরা ভারতের বিপক্ষে সিরিজ নিয়ে অপেক্ষায় রয়েছি। দীর্ঘদিন তাদের বিপক্ষে খেলছি না আমরা। ঘরের মাঠে সিরিজটা উপভোগ করতে চাই ভালো ক্রিকেট খেলে।’আগামী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি নিয়েও কথা বলেছেন মেহেদী হাসান মিরাজ। তার ভাষায়, ‘প্রত্যেক ক্রিকেটারের লক্ষ্য বিশ্বকাপে ভালো করা। সে জন্য নিজেদের আরও উন্নতি করতে হবে। দেশে কয়েকটি সিরিজ জিতেছি, এখন সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’বিসিবির বর্তমান সভাপতি তামিম ইকবালের প্রশংসা করে মিরাজ বলেন, ‘তামিম ভাই দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। দেশের ক্রিকেটকে কীভাবে এগিয়ে নিতে হয়, তিনি জানেন। সভাপতি হিসেবে তিনি নতুন একটি কাঠামো গড়ে তোলার চেষ্টা করছেন। আশা করি, ভবিষ্যতে দেশের ক্রিকেট এতে উপকৃত হবে।’
কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত