প্রিন্ট এর তারিখ : ১৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬
"প্রয়োজনে হোয়াইট হাউসেই ট্রাম্পকে টার্গেট করতে পারি" — ইরানের সাবেক কমান্ডার
অনলাইন ডেস্ক ||
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক এক জ্যেষ্ঠ কমান্ডার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হত্যার হুমকি দিয়েছেন। তিনি দাবি করেছেন, প্রয়োজন হলে হোয়াইট হাউসের ভেতরে ঢুকেও ট্রাম্পকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা ইরানের রয়েছে।সোমবার (১৩ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, ইরানের সংবাদমাধ্যম ফারারু-কে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির সাবেক কমান্ডার হোসেইন কানানি মোগাদ্দাম বলেন, “যদি ট্রাম্পকে হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে ইসলামি প্রজাতন্ত্র খুব সহজেই হোয়াইট হাউসের ভেতরে তা করতে পারে। যখনই প্রয়োজন হবে, আমরা তা করার সক্ষমতা রাখি।”সাক্ষাৎকারে তিনি তেহরান ও ওয়াশিংটনের চলমান আলোচনা নিয়েও মন্তব্য করেন। কানানি মোগাদ্দাম বলেন, ইরানের দৃষ্টিতে এই আলোচনা কোনো শান্তিচুক্তিতে পৌঁছানোর জন্য নয়।তার ভাষায়, “আমরা শান্তির জন্য আমেরিকার সঙ্গে আলোচনা করছি না। আমরা কেবল উত্তেজনা কমানোর জন্য আলোচনা করছি।”তিনি আরও বলেন, আলোচনার মূল উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্রের তোলা অভিযোগের জবাব দেওয়া এবং ইরানের অবস্থান ও দাবিগুলো আরও জোরালোভাবে উপস্থাপন করা।কানানি মোগাদ্দামের দাবি, “ট্রাম্প এবং তার অপরাধী সহযোগীদের সঙ্গে আমরা শান্তির জন্য আলোচনা করছি না। আলোচনায় আমরা শুধু আমাদের অধিকার পুনরুদ্ধার এবং যুক্তরাষ্ট্রের আনা অভিযোগের ব্যাখ্যা দিতেই অংশ নিচ্ছি। আর প্রতিশোধ ও পাল্টা জবাবের বিষয়টি এখনও আমাদের এজেন্ডায় রয়েছে।”উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে আইআরজিসির সাবেক এই কমান্ডারের বক্তব্য দুই দেশের চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।
কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত