প্রিন্ট এর তারিখ : ০৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন বিশেষ শ্রেণির কেপিআই ঘোষণা
অনলাইন ডেস্ক ||
সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজধানীর গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে বিশেষ শ্রেণির গুরুত্বপূর্ণ স্থাপনা (কী পয়েন্ট ইনস্টলেশন-কেপিআই) হিসেবে ঘোষণা করেছে। এর ফলে বাসভবনটি সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার আওতায় এসেছে এবং এর চারপাশে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৭ জুন কেপিআইসংক্রান্ত কমিটির (কেপিআইডিসি) মাসিক সভায় গুলশানের ওই বাসভবনকে বিশেষ শ্রেণির কেপিআই হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়। সরকারের অনুমোদনের পর ১৫ জুন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয় এবং গত শুক্রবার গেজেট প্রকাশ করা হয়েছে।গুলশানের ১৯৬ নম্বর বাড়িটি ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তার স্ত্রী খালেদা জিয়ার জন্য বরাদ্দ দেওয়া হয়। গত বছর বাড়িটির নামজারি সম্পন্ন হওয়ার পর সংস্কার ও আধুনিকায়ন করে বসবাসের উপযোগী করা হয়। গত ২৫ ডিসেম্বর দেশে ফিরে তারেক রহমান এই বাসভবনে ওঠেন এবং বর্তমানে সপরিবারে সেখানে বসবাস করছেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরও তিনি সেখান থেকেই সরকারি কার্যক্রম পরিচালনা করছেন।বিশেষ শ্রেণির কেপিআই ঘোষণার ফলে বাসভবনের আঙিনা, কর্মকর্তা-কর্মচারী, গুরুত্বপূর্ণ নথি ও তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। বহিঃনিরাপত্তা ও অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য পৃথক পরিকল্পনা প্রণয়ন করা হবে এবং এসব কার্যক্রম তদারকির জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সমন্বয়ে পৃথক নিরাপত্তা কমিটি গঠন করা হবে।নিরাপত্তা নির্দেশনা অনুযায়ী, বাসভবনের সীমানা প্রাচীরের উচ্চতা কমপক্ষে ১২ ফুট এবং তার ওপর আরও তিন ফুট উঁচু কাঁটাতারের বেড়া স্থাপন করতে হবে। আশপাশের সুউচ্চ ভবন থেকে নজরদারি, ছবি তোলা বা সম্ভাব্য হামলার ঝুঁকি বিবেচনায় বিশেষ পর্যবেক্ষণ ব্যবস্থাও গড়ে তোলা হবে।এ ছাড়া কেপিআই স্থাপনার ২৫ মিটারের মধ্যে নতুন কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না এবং ১৫০ থেকে ৩০০ মিটারের মধ্যে উচ্চ ভবন নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ছাড়পত্র নিতে হবে।
কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত