প্রিন্ট এর তারিখ : ০৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬
'জাল যার, জল তার' নীতিতে উন্মুক্ত হচ্ছে সব উন্মুক্ত জলাশয়
অনলাইন ডেস্ক ||
হাওরাঞ্চলের মৎস্যজীবীদের জীবিকা নির্বাহের সুবিধার্থে দেশের সব উন্মুক্ত জলাশয় প্রকৃত মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে অকাল বন্যা ও জলাবদ্ধতা থেকে বোরো ফসল রক্ষায় অগ্রাধিকার ভিত্তিতে নদী ও খাল খনন কর্মসূচি আরও জোরদার করা হচ্ছে।শুক্রবার (৩ জুলাই) নেত্রকোনা সার্কিট হাউজে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এই তথ্য জানান।তিনি বলেন, বর্তমান সরকার মৎস্যজীবী ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। সরকারের মূল নীতি হচ্ছে—’জাল যার, জল তার’। এই নীতি অনুযায়ী সবার জন্য, বিশেষ করে প্রকৃত মৎস্যজীবীদের সুবিধার্থে জলাশয় উন্মুক্ত করে দেওয়া হয়েছে।ইজারা প্রথার কারণে সৃষ্ট সমস্যার কথা উল্লেখ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ইজারা দেওয়ার ফলে প্রভাবশালীরা যেভাবে হাওর বা জলাশয় দখল করে রাখতো এবং সাধারণ মানুষকে নামতে বাধা দিত, সেই প্রতিবন্ধকতা সম্পূর্ণ দূর করা হবে।সরকার আইনগতভাবে এই ধরনের সব বাধা দূর করার উদ্যোগ নিয়েছে যাতে সাধারণ মানুষ ও মৎস্যজীবীরা নির্বিঘ্নে মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করতে পারেন।হাওরের জলাশয়গুলো ইজারামুক্ত করার প্রশ্নে প্রতিমন্ত্রী আরও বলেন, মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন, তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যেই খাল ও নদী খনন এবং জলাশয় সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া শুরু করেছেন।নদীর নাব্য রক্ষা এবং জলাবদ্ধতার দুর্ভোগ থেকে সাধারণ মানুষকে বাঁচাতে সরকার ইতিমধ্যেই বেশ কিছু নদী ও খাল খনন সম্পন্ন করেছে।মতবিনিময় সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।এছাড়া জেলা বিএনপি নেতৃবৃন্দ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।সার্কিট হাউজে এই ব্রিফিং শেষে প্রতিমন্ত্রী জেলাজুড়ে দিনব্যাপী সরকারি কর্মসূচির অংশ হিসেবে মদন উপজেলার উচিতপুর ট্রলার ঘাটের পথসভায় যোগ দেন এবং মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন।সফরকালে তিনি খালিয়াজুড়ি উপজেলার মেন্দিপুর ইউনিয়নের রোয়াইল ও নাওটানা সংযোগস্থলের ফিশারি, নেত্রকোনা সদরের বাজোয়াইল কীর্তনখোলা ফিশারি এবং মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর ইউনিয়নের বরান্তর চিরাডুবি হাওরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নেবেন।
কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত