প্রিন্ট এর তারিখ : ২৭ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬
৫ হাজারি ক্লাবে মুমিনুল, পাশে তামিম-মুশফিক
অনলাইন ডেস্ক ||
চাপের মুখে বাংলাদেশের ইনিংস সামাল দেওয়ার নাম যেন মমিনুল হক। পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্টেও সেই চেনা দৃঢ়তায় আবারও জ্বলে উঠলেন এই বাঁহাতি ব্যাটার। প্রথম ইনিংসে ৯১ রানের দারুণ এক ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসেও তুলে নিয়েছেন অর্ধশতক। এর মধ্য দিয়ে টানা পাঁচ ইনিংসে ফিফটির দেখা পেলেন মুমিনুল। এটি তার টেস্ট ক্যারিয়ারের ২৭তম অর্ধশতক।তবে, এই ইনিংসকে আরও বিশেষ করে তুলেছে একটি অনন্য অর্জন। ফিফটি পূর্ণ করার সঙ্গে সঙ্গেই টেস্ট ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন মুমিনুল।এর আগে বাংলাদেশের হয়ে টেস্টে ৫ হাজারের বেশি রান করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।তামিম ইকবাল ৭০ টেস্টের ১৩৪ ইনিংসে ৩৮ গড়ে করেছেন ৫ হাজার ৩১৪ রান। তার নামের পাশে রয়েছে ১০টি শতক ও ৩১টি অর্ধশতক।অন্যদিকে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকুর রহিম। ১০১ টেস্টের ১৮৫ ইনিংসে তিনি করেছেন ৬ হাজার ৫৮১ রান। রয়েছে ১৩টি শতক, ৩০টি অর্ধশতক এবং তিনটি ডাবল সেঞ্চুরি। উইকেটকিপার ব্যাটারদের মধ্যে তিন ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ডও তার দখলে।মিরপুর টেস্টে বাংলাদেশের সর্বশেষ স্কোর ৩ উইকেটে ১৪৪ রান। স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ১৭১ রানে। মুমিনুল সাজঘরে ফিরেছেন ৫৮ রানে। অধিনায়ক নাজমুল হাসান শান্ত ৫৭ রান এবং মুশফিকুর রহিম ৯ রানে অপরাজিত আছেন।
কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত