প্রিন্ট এর তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬
মৌলভীবাজারে ১১ দলীয় জোটের বিক্ষোভ, জুলাই সনদ বাস্তবায়নের দাবি
সালেহ আহমদ সাফি, রিপোর্টার ||
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ | মৌলভীবাজার মৌলভীবাজারে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট।রবিবার (১২ এপ্রিল) বিকাল ৫টায় শহরের দেওয়ানী মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে এম সাইফুর রহমান রোড অতিক্রম করে কুসুমবাগ পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। মিছিলে ১১ দলীয় জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।সমাবেশে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা ১১ দলীয় ঐক্যজোটের অন্যতম সমন্বয়ক ও জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জেলা আহ্বায়ক খালেদ হাসান, জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামীর আলী, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া, জেলা সেক্রেটারি রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক ফারুক আলীসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ।এছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তারা বলেন, নির্বাচনের মাত্র দুই মাস পরেই দাবি আদায়ের জন্য আবারও রাজপথে নামতে হয়েছে, যা বর্তমান পরিস্থিতির বাস্তব চিত্র তুলে ধরে। তারা অভিযোগ করেন, ২০২৪ সালের গণআকাঙ্ক্ষার ভিত্তিতে একটি সুন্দর, স্বাধীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রত্যাশা থাকলেও বর্তমান সরকার ক্ষমতায় এসে সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং ফ্যাসিবাদী শাসনের পথে অগ্রসর হচ্ছে।সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী বলেন, দেশে আবারও ফ্যাসিবাদের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। তিনি জুলাই সনদের আইনি স্বীকৃতি ও বাস্তবায়নের জন্য গণভোটের মাধ্যমে তা কার্যকর করার জোর দাবি জানান।তিনি আরও বলেন, দেশের জনগণের ভোটাধিকার উপেক্ষা করে সরকার ফ্যাসিবাদী কায়দায় রাষ্ট্র পরিচালনার দিকে এগোচ্ছে। পাশাপাশি স্বাধীনতার ৫৫ বছর পরও দেশে বিচারহীনতার সংস্কৃতি বিদ্যমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত না হলে এই পরিস্থিতির উন্নতি সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।সমাবেশ শেষে নেতাকর্মীরা তাদের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত