প্রিন্ট এর তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬
হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার শর্তে ইরানকে যুক্তরাষ্ট্রের চুক্তির প্রস্তাব
অনলাইন ডেস্ক ||
চলমান মধ্যপ্রাচ্যের উত্তেজনা থামাতে ইরানের কাছে ১৫ দফার একটি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন পত্রিকা নিউ ইয়র্ক টাইমস এবং সংবাদ সংস্থা রয়টার্স।প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব তেহরানের কাছে পাঠানো হয়েছে। এর আগে পাকিস্তান এই দুই যুদ্ধরত দেশের মধ্যে শান্তি আলোচনার আয়োজক হওয়ার প্রস্তাব দিয়েছিল।ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ এই পরিকল্পনার বেশ কিছু শর্ত ও দাবির কথা উল্লেখ করেছে। এর মধ্যে অন্যতম হলো-কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে হবে এবং একে একটি ‘মুক্ত সামুদ্রিক অঞ্চল’ হিসেবে ঘোষণা করতে হবে।বিনিময়ে ইরান কী সুবিধা পাবে, প্রতিবেদনে সেটিও বলা হয়েছে। খবরে দাবি করা হয়েছে, ইরান যদি এই প্রস্তাবগুলো মেনে নেয়, তবে দেশটির ওপর থেকে আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে।বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, তারা এখনও এই সংক্রান্ত কোনো নথিপত্র দেখেনি। গণমাধ্যমে আসা এই তথ্যের সত্যতা যাচাইয়ের চেষ্টা করছে তারা। সূত্র : বিবিসি, আল জাজিরা।
কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত