প্রিন্ট এর তারিখ : ২৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬
ব্যারিস্টার সুমনের জামিন দাবি তারেক রহমানের
অনলাইন ডেস্ক ||
ঢাকা: সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন দেওয়ার দাবি জানিয়েছেন আমজনতার দলের সাধারণ সম্পাদক ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. তারেক রহমান। তিনি বলেছেন, ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে বিচার চলুক, তবে তাকে জামিনে মুক্তি দেওয়া হোক।শুক্রবার দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।স্ট্যাটাসে মো. তারেক রহমান প্রশ্ন তুলে বলেন, ব্যারিস্টার সুমন কোন হত্যাকাণ্ডে জড়িত—তা জাতির সামনে স্পষ্ট করা হোক। তিনি জানতে চান, আওয়ামী লীগ করার অপরাধে কি তিনি এতদিন আটক রয়েছেন, নাকি কোনো নির্দিষ্ট হত্যার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে?তারেক রহমান বলেন, “সরাসরি হত্যায় জড়িত বহু মানুষ জামিনে বাইরে রয়েছেন। তাহলে কেবল অতিরিক্ত পরিচিতি বা জনপ্রিয়তার কারণেই কি ব্যারিস্টার সুমনকে আটকে রাখা হয়েছে?”তিনি আরও উল্লেখ করেন, ব্যারিস্টার সুমনের নানা কর্মকাণ্ডের তিনি সমালোচনা করেছেন, তবে যদি তিনি কোনো হত্যাকাণ্ডে জড়িত না হন, তাহলে তার মুক্তি পাওয়া উচিত। তার ভাষায়, “তিনি যদি দাগী অপরাধী হতেন, তাহলে আগেই দেশ ছেড়ে চলে যেতেন। বিদেশে বসে ভিডিও বানিয়ে আরামে জীবন কাটাতেন।”আমজনতার দলের এই নেতা আরও বলেন, “আমি যদি আইনজীবী হতাম, তাহলে ব্যারিস্টার সুমনের পক্ষে আদালতে লড়াই করতাম।”স্ট্যাটাসের শেষাংশে তিনি বলেন, ব্যারিস্টার সুমনের অসংখ্য সেবামূলক কাজের কথা বিবেচনায় নিয়েও তাকে জামিন দেওয়া যেতে পারে। তবে তিনি স্পষ্ট করেন, “জামিন মানে দায়মুক্তি নয়। বিচার চলুক জামিন দিয়ে।”
কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত